
রবিবার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ।
বিকাল তিনটায় স্পিাকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী বলেন, তরুণদের সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল হতে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
অর্থমন্ত্রী জানান, স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এ তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও, স্টার্ট-আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইক্যুইটি সহায়তার সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ নামক ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্ট-আপ উদ্যোগসমূহ উক্ত কোম্পানি হতে ইক্যুইটি সহায়তা গ্রহণ করতে পারবে।
মন্ত্রী আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত/বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন, শিক্ষিত/অর্ধ শিক্ষিত বেকার যুবক ও যুবনারীদেরকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বর্তমানে ১২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রেজা/৪৭/ডিএসই
