
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে দুই সপ্তাহের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পরদিন পৌঁছাবেন নিউ ইয়র্কে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর।
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়’ উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরে প্রধানমন্ত্রী এবার সংকট সমাধানে আলোচনার ওপর জোর দেবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ইতোমধ্যে জানিয়েছেন।
স্থানীয় সময় বিকালে লন্ডনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
সেদিন সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লাসের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
রাব্বি-সরকার/২৩/ডিএসই
