Wednesday, July 29

জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদল

জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদল নেতারা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ২২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে স্মৃতিস্তম্ভে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, জিহাদের আত্মত্যাগকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদের জেহাদের মতো দেশপ্রেমিক হিসেবে রূপান্তরিত করতে চাই। জেহাদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই সরকারের বিরুদ্ধে একটি গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।

নাজির উদ্দিন জেহাদ গণ অভ্যুত্থানের সময় অবরোধ চলাকালে ১৯৯০ সালের এদিনে (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। জেহাদের রক্ত বিদ্যুৎ বেগে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে যায়। গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। পতন হয় এরশাদের।