জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বছরের মধ্যেই প্রশাসনের আলোচিত শীর্ষ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির বয়স শেষ হচ্ছে।
শূন্য হওয়া এসব পদে কে বা কারা আসছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও তা নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
সরকারের প্রশাসনের শীর্ষ দুটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ প্রায় শেষের দিকে। এরমধ্যে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। অপরদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের চাকরির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী আজমের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ নভেম্বর। ইতোমধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে। তাকে আগামী ৪ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগেই মেয়াদ শেষ হচ্ছে বিডার বর্তমান নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের। তিনি সেপ্টেম্বরের ৩ তারিখ বিদায় নিচ্ছেন।
এছাড়াও চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা অর্থাৎ সচিব চাকরি থেকে অবসরে যাচ্ছেন। এরা হলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, পদায়ন, বদলি প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এছাড়া সরকারি চাকরিবিধি অনুসারে নির্ধারিত বয়স পেরিয়ে গেলে চাকরি থেকে অবসরে যাবেন, এটিও একটি স্বাভাবিক নিয়ম। তবে এ বছরের মধ্যে সরকারের প্রশাসনের যেসব গুরুত্বপূর্ণ পদ শূন্য হবে সেসব পদে নিয়ম অনুসারেই পদায়ন করা হবে। যা প্রধানমন্ত্রী অনুমোদন দেবেন।
রেজাউল-করিম/১১/সম্পাদক – ডিএসই

