Thursday, September 3

গেজেট আছে, ইউনিফর্ম আছে কিন্তু বাস্তবায়ন নাই

২০২০ সালের ২৪ ডিসেম্বর রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্মে আনুষ্ঠানিক প্যারেড – ছবি সংগৃহিত

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের অধিনস্ত বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ডিপার্টমেন্ট রাজস্ব-আদায়কারী ও সরকারি ইউনিফর্মড ডিপার্টমেন্ট হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজস্ব আহরণ ও আইন প্রয়োগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয়, পদমর্যাদা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসের মত এই বিভাগের জন্যেও সরকার “বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা, ২০১৯” প্রণয়ন করেছে এবং বিধিমালাটি এস.আর.ও. নং ২৮১-আইন/২০১৯/৪৫-কাস্টমস, তারিখ: ৩ সেপ্টেম্বর ২০১৯, এর মাধ্যমে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

এই বিধিমালার অধীনে কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত সেপাই, সাব-ইন্সপেস্টর, সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও কমিশনার এবং সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্ম পরিধানের নির্দেশনা রয়েছে।

বিধিমালায় কর্তব্যরত সিপাই থেকে কমিশনার পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য পদমর্যাদা ভেদে নির্ধারিত পোশাক, ক্যাপ, র‍্যাংক-ব্যাজ সহ ১৫ টি পরিচয়-চিহ্নের বিধান নির্ধারণ করেছে।

এর প্রেক্ষাপটে রাজস্ব বোর্ড ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা-২০১৯ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে ২০২১ সালের ১ মার্চ থেকে ইউনিফর্ম বাধ্যতামূলক করে এবং ২০২০ সালের ২৪ ডিসেম্বর রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহারিচালকের নেতৃত্বে কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিক ভাবে প্যারেডের আয়োজন করে।

কিন্তু বাস্তবে দাপ্তরিক সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে নির্ধারিত ইউনিফর্ম পরিধানে অনীহা/অবহেলার প্রবণতা দেখা যায়।এধরণের আচরন শুধু পোশাকবিধি প্রতিপালনের প্রশ্নে সীমাবদ্ধ থাকে না বরং তা সরকারের নির্দেশনা পালনে অবাধ্যতা এবং জনস্বার্থের পরিপন্থী হিসাবে বিবেচ্য।

সংশ্লিষ্টরা বলছে, সরকারের কোন বিধি যা গেজেট দ্বারা নির্ধারিত – তা কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত পছন্দ বা সুবিধার বিষয় হতে পারে না। বিশেষত একটি ইউনিফর্মড সরকারি বিভাগের ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রম ব্যতীত দাপ্তরিক দায়িত্ব পালনের সময়ে নির্ধারিত ইউনিফর্ম পরিধান না করার প্রবণতাকে শৃঙ্খলা পরিপন্থী আচরন হিসাবে প্রশাসনিক দৃষ্টিকোন থেকে বিবেচনা প্রয়োজন।

কানিজ-১৯/ডিএসই-৮