Wednesday, July 29

কোনও প্রার্থীকে জয়ী করার দায়িত্ব নেওয়া হবে না – শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সভায় আগামী নির্বাচনে নৌকার প্রার্থী বাছাই করতে জরিপের ওপর নির্ভর করা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, প্রার্থীদের ভোটে জয়ী হয়ে আসতে হবে।

সভা সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় (২০১৩-২০১৫ সাল) সারা দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৈরাজ্যের ঘটনাগুলো সামনে আনার নির্দেশ দেন তিনি। এ সময় সরকার প্রধান শেখ হাসিনা জানান, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের মতো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে, ব্যবস্থা নেওয়া হবে। তাদের ধ্বংসাত্মক সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরতে হবে।

সভা সূত্রে জানা গেছে, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাতে সরকার বাধা দিবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সহিংস কর্মসূচিতে গেলে শক্ত পদক্ষেপ নেবে সরকার। তাদের রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা রাজাকার ছিলেন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও তিন মাস ভারতে পালিয়ে ছিলেন মির্জা ফখরুলের বাবা। তিনি কেন পালিয়ে ছিলেন, তারা যে রাজাকার, স্বাধীনতাবিরোধী সেটি দেশের মানুষকে জানাতে হবে।

সভায় শেখ হাসিনা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে আওয়ামী লীগ। যারা আলোচনায় বসতে চান, তাদের সঙ্গে বসবেন তিনি। ১৪ দলীয় জোটকে আরও সক্রিয় করা ছাড়াও সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

নৌকার সংসদ সদস্যদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কোনও প্রার্থীকে জয়ী করার দায়িত্ব নেওয়া হবে না। তাদের ভোটে জয়ী হয়ে আসতে হবে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নির্বাচন বুঝতে হবে। বিভিন্নভাবে জরিপ করা হচ্ছে, ফল অনুযায়ী আগামী নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে। কার্যনির্বাহী কমিটির সভার বার্তাগুলো সংসদ সদস্যদের কাছে পৌঁছে দিতে শিগগিরই সংসদীয় দলের সভা আহ্বান করা হবে বলে জানান তিনি।’

আশরাফুল-করিম/২৯/ডিএসই