Wednesday, July 29

এএসপি ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক

এএসপি ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক

বাংলাদেশ পুলিশের চার তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। এরমধ্যে সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যরা হলেন– সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন, মো. মুশফিকুল হক, ও সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসাইন।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট দেওয়া হয় ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ ছাড়াও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী, নৌ বাহিনী এবং পুলিশ বাহিনীর মোট ১০ জন তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সম্পন্ন করেছেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ জন সেসনা-১৫২ অ্যারোবেট বিমানে ৭০ ঘণ্টা এবং নৌ ও বাংলাদেশ পুলিশের পাঁচ জন ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে ৭০ ঘণ্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন।

সেসনা-১৫২ অ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সরকারি পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন।

আবির/২৩/ডিএসই