
গভর্নর আব্দুর রউফ তালুকদার
আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার খোড়া যুক্তি দেখিয়ে ঋণখেলাপিদের আবারও বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন ঘোষণা অনুযায়ী, খেলাপি ঋণ নিয়মিত করতে মাত্র আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। যেখানে আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। তাছাড়া নতুন করে আবার ঋণও পাবেন খেলাপীরা।
গতকাল সোমবার (১৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন গভর্নর দায়িত্ব নিয়েই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় খেলাপি ঋণে কী সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করার পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে তুলে দিয়েছেন।
জানা যায়, করোনার কারণে দেওয়া ছাড় উঠে যাওয়ার পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। নতুন করে অনেক ঋণ খেলাপি হয়ে যাওয়ার তালিকায় যুক্ত হয়েছে। পাশাপাশি করোনায় অর্থনীতির গতি ধরে রাখতে যে এক লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, তারও বড় একটা অংশ অনাদায়ী হয়ে পড়েছে। এ কারণে এখন ছাড় দিয়ে খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।
