
ঢাকা : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনছে বলে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সূত্র জানিয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি আসিফ মাহমুদ তাঁর ভোটার নিবন্ধন ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগরে স্থানান্তর করেছেন এবং নাসির উদ্দিন পাটওয়ারী তাঁর ভোটার নিবন্ধন ঢাকা উত্তরের উত্তরা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ নির্বাচনী এলাকায় স্থানান্তর করেছেন। নির্ধারিত নথিপত্র যাচাই শেষে নির্বাচন কমিশন সোমবার ফরম-১৩-এর মাধ্যমে উভয়ের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।
দুজনের ভোটার এলাকা পরিবর্তনের পর পুনর্বিন্যাসের উদ্যোগ সম্পর্কে দলীয় সূত্র জানায়, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
পুনর্বিন্যাসের উদ্যোগের আগে মার্চে দলটি ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছিল।
মনোনয়ন পরিবর্তনের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের পক্ষ থেকে তাঁর প্রার্থী হওয়ার বিষয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকরা আমাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করছেন। দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ওপরই আমার অংশগ্রহণ নির্ভর করবে।’
হামিম-০৭/ডিএসই-৯
