
কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগ ইডেন কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার বৈশাখী
এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে অধ্যক্ষকে ১১ দফা দাবি জানিয়ে হলে ফেরেন বিক্ষোভকারীরা।
ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার বৈশাখী বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা।প্রশাসনের কাছেও ১১ দফা দাবি জানিয়েছি। আমরা নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যে জড়িতদের শাস্তি চাই।
রবিউল-আলম/২১/ডিএসই
