Monday, November 2

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর মনে হয়, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহসংক্রান্ত চুক্তির সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের অনুমতি দিয়ে নতুন চুক্তি করা হলে মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ সংগ্রহের সুযোগ পাবে। তাঁর ভাষায়, এই চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দেওয়ার শামিল।

শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত রাখার অনুমতি দিয়ে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’।

ট্রাম্প বলেন, ‘তাঁর উচিত অবশ্যই এসব বন্ধ করা।’ এরপর তিনি ইঙ্গিত দেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা প্রয়োজন, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।

জেলেনস্কির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ডিজেল চুক্তির সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাসও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলে মস্কোর যুদ্ধ পরিচালনার জন্য আরও রাজস্ব আসবে।
কালাস বলেন, ‘রাশিয়ার ওপর চাপ কমানোর সময় এখন নয়, এবং ইউরোপ তা করবে না।’

তিনি আরও জানান, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার রাশিয়ার বিরুদ্ধে দেশটির পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছেন।

আন্তর্জাতিক ডেস্ক /ডিএসই-১০