
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট
বাংলাদেশ সফরের শেষ দিন আজ বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা ইস্যুতে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট।
তিনি বলেন, বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত চায়। তাছাড়াও রাজনৈতিক সভা-সমাবেশ, সংলাপের সুযোগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মিশেল বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। উত্তেজনাকর ও নতুন মেরুকরণের দিকে যাচ্ছে দেশ। এই অবস্থায় সুশীল সমাজের কর্মকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ হলেও সুশীল সমাজ ও বিভিন্ন অধিকার কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান।
তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এসময় রাজনৈতিক দল, কর্মী, সুশীল সমাজের কর্মীদের সভা-সমাবেশের সুযোগ দেওয়া জরুরি। তাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। নারী, সংখ্যালঘু, তরুণদের দাবি বা চাওয়া শুনতে হবে। এই সময়টাতে যে রাজনৈতিক অস্থিরতা থাকবে সেখানে অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে কাজ করতে হবে।
রূপা/২১/ডিএসই
