
আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে – স্বরাষ্ট্র মন্ত্রী
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে। বিজিবির দুটি হেলিকপ্টার আছে, পুলিশের দুটি হেলিকপ্টার আসছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় কতগুলো বর্ডার লাইন আছে, অত্যন্ত দুর্গম। পায়ে হাঁটা ছাড়া সেখানে যাওয়ার উপায় নেই। প্রধানমন্ত্রী বিজিবিকে দুটি হেলিকপ্টার দিয়েছেন। সেগুলো দিয়ে সীমান্ত রক্ষা করে চলেছি।
ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।
জঙ্গিবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করতে পারেনি বাংলাদেশে। জঙ্গিবাদকে আমরা একদম সমূলে উৎপাটন না করলেও নিয়ন্ত্রণে নিয়ে আসছি।
রাসেল-আমিন/৩১/ডিএসই
