
ঢাকা : অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটককে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে এসব অপারেটরের অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে।
আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি’র পরিচালক সোহেল রানার সই করা নোটিশটি বেসরকারি তিন অপারেটরের সিইও ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডিকে পাঠানো হয়েছে।
নোটিশে দেখা গেছে, গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে।
বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিটিআরসির নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট অপারেটরগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও মোবাইল অপারেটর লাইসেন্সের শর্ত এবং কমিশনের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে তাদের সিম অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হয়েছে।
গত ২১ জুলাই চার অপারেটরের কাছে পাঠানো এ সংক্রান্ত আলাদা এক নোটিশে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা করা হলো।
তামজিদ-২৫/ডিএসই-৭
