Thursday, July 30

কিছুই বদলায়নি, শুধু বদলেছেন তারেক রহমান সাহেব – মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা : আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসের অভিজ্ঞতা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, ” আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় আমি দেখছি যে, কিছুই বদলায়নি ! যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে – যারা আটকে দিতো, ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। ভোল পাল্টে ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। এ কথাগুলো আক্ষেপে বলছি। আক্ষেপ বলছি এ জন্য যে, আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে,” – যোগ করেন তিনি।

চব্বিশের আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “অনেক প্রাণ গেছে। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা ! মুগ্ধের আপন ভাই, তার প্রতি মুহূর্তে মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা ছবিটা দেখলাম যে, মা এখনো ভুলতে পারছে না। ভাবছে যে, বোধ হয় ছেলে এখনই চলে আসলো…ছেলে তো গেছে চলে! সেদিন পার্লামেন্টে একজন নারী এমপি বলছিলেন যে আই হ্যাভ লস্ট মাই সান। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য।”

তিনি আরও বলেন, “কিন্তু আশাবাদী হই এই কারণে যে, আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে, হয়তোবা পরিবর্তনটা হবে। অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার।”

“আমি আশা করি,আমরা সবাই মিলে চেষ্টা করব। চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো,” – যোগ করেন তিনি।

কানিজ-৩০/ডিএসই-৭