Wednesday, July 29

বিএনপির নেতৃত্বে নতুন ১২ দলীয় জোট

বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল।

জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, আমরা চলমান সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথের সব কর্মসূচি সক্রিয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অর্থনৈতিক মুক্তি লাভই আমাদের অভিন্ন লক্ষ্য।

তিনি আরো বলেন, আমরা ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপি ঘোষিত দশ দফা কর্মসূচি ও ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৭ দফা সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচিকে জাতীয় মুক্তির সনদ বিবেচনা করে একাত্মতা ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ভোটাধিকার, সার্বিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত সব আহ্বান ও আন্দোলনে অংশগ্রহণ করার অঙ্গীকার ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)। এছাড়া জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসময় জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তমাল-কর্মকার/৩০/ডিএসই