Wednesday, July 29

পদ ও কমিটি বানিজ্য প্রসংগে ছাত্রলীগ-আওয়ামীলীগ মুখোমুখি

মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন

ছাত্রলীগের পদবাণিজ্য, কমিটি বাণিজ্য, মাদকসেবী-কারবারি ও অনুপ্রবেশকারীদের পদায়ন নিয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সোমবার দুপুরে ডিসেম্বর মাসের ৮ ও ৯ তারিখে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব বলেন।

ছাত্রলীগ সভাপতি জয় বলেন, বিভিন্ন সময় যে পদবাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অর্থের বিনিময়ে আমরা কোনো ইউনিটের কমিটি দেইনি। আমরা বার বার বলেছি, কেউ যদি পদবাণিজ্যের অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব।

ফাঁস হওয়া ফোনআলাপ প্রসংগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আপনারা ফোনালাপ শুনে দেখবেন যে সেখানে ছাত্রলীগের পদের জন্য কোনো টাকা চাওয়া হয়নি। ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক তাদের থাকতে পারে, সেই লেনদেনের অডিও ফেসবুকে ছেড়ে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

ছাত্রলীগের পদবাণিজ্যের অভিযোগ দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, পদবাণিজ্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।

রওনক-জাহান/২৮/ডিএসই