Wednesday, July 29

মানুষ কীভাবে আবার এদের পাশে দাঁড়ায়, এদের সমর্থন করে? – প্রধানমন্ত্রী

জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়। সেই দিন যেন ফিরে না আসে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমার শুধু একটাই আহ্বান থাকবে দেশবাসীর কাছে, রাজনীতি করতে চাইলে সুষ্ঠু রাজনীতি করুক, আমার আপত্তি নাই। কিন্তু আমার এই সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নাই। আমি শুধু দেশবাসীকে এটুকুই বলবো, ওই দুঃসময়ের কথা যেন কেউ ভুলে না যায়।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অস্ত্রের ঝনঝনানি। মেধাবী ছাত্রদের হাতে অর্থ, অস্ত্র, মাদক তুলে দিয়ে বিপথে ঠেলে দিয়েছে। ’৭৫-এর পর এই ছিল বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কেবল স্থিতিশীলতা এসেছিল।

শেখ হাসিনা বলেন, যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারে আর জনগনকে কষ্ট দিতে পারে, আমি জানি না মানুষ কীভাবে আবার এদের পাশে দাঁড়ায়, এদের সমর্থন করে।

অনুষ্ঠানে ‘আগুন সন্ত্রাসের দুর্ভোগ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের আংশিক দৃশ্যপট’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং কূটনৈতিক মিশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সিরাজুল-ইসলাম/২৯/ডিএসই