
রাজ্যপালের দফতর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়
পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয়ার পর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ আগস্ট) এ রদবদলে নতুন করে আটজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে।
এরমধ্যে পূর্ণমন্ত্রী করা হয়েছে পাঁচজনকে। যার মধ্যে রয়েছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়ও। আর তিনজনকে করা হয়েছে প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে চারজনকে।
দুর্নীতির অভিযোগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পার্থকাণ্ডে বিপাকে পড়ে যায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মমতা।
এ কেলেঙ্কারিতে তৃণমূল সরকারের ভাবমূর্তি উদ্ধারে মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নেন মমতা। বুধবার বিকেলের মধ্যেই কাজ শেষ করেন তিনি। এতে পাঁচজনকে পূর্ণমন্ত্রী করা হয়। তারা হলেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশীষ চক্রবর্তী ও উদয়ন গুহ।
কলকাতার রাজ্যপালের দফতর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা. গণেশন।
নতুন আটজনকে নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা হলো ৪৪। সংবিধান অনুযায়ী এই রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় সর্বাধিক ৪৪ জনকে মন্ত্রী করা যেতে পারে। সেই সংখ্যাই এবার পূর্ণ হলো।
আন্তর্জাতিক-ডেস্ক/৩৯/ডিএসই
