
রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু
১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু হওয়ায় ইউরোপের অনেক দেশের সরকারের ‘ঘুম হারাম’ অবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর যে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে, তার পাল্টায় রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস বন্ধ করে দিতে পারে বলে গুঞ্জন রয়েছে।
মস্কোর পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এবারের বার্ষিক রক্ষণাবেক্ষণের সময় বাড়ানো হতে পারে বলে অনেকে ধারণা করছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় শুরু কবে হবে, তা নিয়ে ইউরোপের দেশগুলোর উৎকণ্ঠার চিত্র পশ্চিমা গণমাধ্যমে প্রায় প্রতিদিনই এসেছে।
এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে বছরে ৫ হাজার ৫০০ কিউবিক মিটার গ্যাস পাঠানো হয়। ১১ জুলাই থেকে বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য এ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
বৃহস্পতিবার ভোর থেকে পাইপলাইনটি ফের সচল হয়।
সরবরাহের শুরুতে গ্যাসের চাপ কম থাকলেও ধীরে ধীরে তা বেড়ে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে বলে আশ্বস্ত করেছে সরবরাহকারী কোম্পানি।
রয়টার্স/২১/ডিএসই
